বাবার প্রিয় আমগাছটি/অরুণ চক্রবর্তী

বাবার প্রিয় আমগাছটি
অরুণ চক্রবর্তী  


একটা ডাল ভাঙলো যেই আর একটাতে ঝাকি
মাথার উপর পড়লো ভেঙ্গে আশংকাতে থাকি
গাছটা মধুর মিষ্টি আমের বাদশাভোগ নাম
রাজবাদশাদের খুবই প্রিয় আকাশছোঁয়া দাম।

মুর্শিদাবাদ থেকে বাবা সেটা এনেছিলেন কিনে
সেদিনের সেই কলমচারা বেড়েছে দিনে দিনে
গাছভর্তি মুকুল এবার ডালে ডালে আম
গাছের দিকে তাকালে বাবার পূর্ণ মনস্কাম।

হঠাৎ সেদিন তুমুল ঝড় ঠিক মধ্যরাতে
ভীষণ চমকে ওঠেন বাবা ভয় পান তাতে
সাথে বাইরে তুমুল বৃষ্টি তীব্র মেঘের ডাক
ঘরের ভেতর বাবার তখন শুধুই চরকিপাক।

আচমকা তখন মড়মড় শব্দ ভাঙলো বুঝি কিছু
বাবা তখন দরজা খুলে ছূটলেন তার পিছু
ঝড়ে একটা ডাল ভেঙে মাটিতে তখন কাত
দেখেই বাবার দু'চোখে জল মাথায় দুই হাত।

 ভয় তখন বুঝি ভাঙবে আরও একটা ডাল
আমগাছটা সুখের স্মৃতি পুষেছেন এতকাল
ঝড় থামলে বলেন বাবা,' সবই ঈশ্বরের হাত
তারই ইচ্ছায় পুরো গাছটা হয়নি ধূলিসাৎ।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ